ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিএনপি নেতা মকবুল তিন দিনের রিমান্ডে

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থী সংঘাতে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় গ্রেফতার বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।


এদিন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হালদার অর্পিত ঠাকুর তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।


আবেদনে বলা হয়, গত ১৯ এপ্রিল রাত পৌনে একটা থেকে রাত ২টা ৩৫ মিনিট পর্যন্ত অজ্ঞাতনামা ৬০০/৭০০ জন ঢাকা কলেজের ছাত্র ও নিউমার্কেটের ব্যবসায়ীসহ অজ্ঞাতনামা ২০০/৩০০ জন ব্যবসায়ী ও কর্মচারী নিউমার্কেট থানাধীন চন্দ্রিমা মার্কেটের সামনে পুলিশের সরকারি কাজে বাধা দেন। তারা পুলিশের ওপর আক্রমণ, ইট-পাটকেল নিক্ষেপ করে জখম, ভাঙচুর করার অপরাধ করেছেন।


মামলার সুষ্ঠু তদন্ত, মূল রহস্য উদঘাটন, এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে গ্রেফতার করে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।


আসামি পক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি ইকবাল হোসেন, সাহেল আকরাম সম্রাট, আবুল কালাম আজাদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।


শুনানিতে তারা বলেন, মকবুল হোসেন নির্দোষ। সম্পূর্ণ পরিস্থিতির শিকার। তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। তার বিরুদ্ধে এজাহারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি অত্যন্ত অসুস্থ। রিমান্ড বাতিল চেয়ে তার জামিন প্রার্থনা করছি।


রাষ্ট্রপক্ষে হেমায়েত উদ্দিন খান (হিরণ) এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত মকবুল হোসেনের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

ads
ads
ads

Our Facebook Page

↑